ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর ছাগল খামারের সরকারি সম্পদ এখন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি-এর সভাপতি ও খামারের কেয়ারটেকার সাইফুল ইসলামের ভোগ দখলের অভিযোগে মানববন্ধন হয়েছে। এ লক্ষে মানববন্ধন করেছে মেহেরপুর পুলিশ লাইন পাড়ার যুব ক্লাবের যুবকেরা। গতকাল সকাল ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় সরকারি ছাগল খামারের সামনে মানববন্ধনের নেতৃত্ব দেন ঐ ক্লাবের সাধারন সম্পাদক মিলন মিয়া। মানববন্ধনে ক্লাবের সদস্য মনি, আশিক, রনি, সুলতান, মোহামদ বিল্লাল, বাদশা, আকাশ, কালামসহ এলাকার জনগন অংশ নেন। মানববন্ধনের বক্তরা বলেন, এই খামারে সরকারিভাবে বিদেশীরা ছাগল পালন করতেন। এখন এখানে আর ছাগল পালন করা হয় না। এই খামার এখন অচল হয়ে পড়েছে। খামারের অনেক আম গাছ, নারকেল গাছসহ জমি চাষাবাদ সরকারি সম্পদ ব্যক্তি মালিকানায় ব্যবহার হচ্ছে। আমরা যুব সমাজ চায় এখানকার সম্পদ সরকারিভাবে ব্যবহার করা হোক। বর্তমানে এখানে ব্যক্তিগতভাবে ব্যবসা করা হচ্ছে, আম বাগান ও সরকারি জমিতে কচু চাষ থেকে শুরু করে সব ধরনের চাষাবাদ করা হচ্ছে প্রশাসনের কোন নজরদারি নেই। এইসব সম্পদের টাকা কোথায় যায় তার কোন হদিস নেই। আমাদের দাবি এখানে যদি সরকারিভাবে ছাগল পালন করা হয়, তাহলে এলাকার মানুষ আরো বেশী করে ছাগল পালনে আগ্রহী হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সহকারি ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী মেহেরপুরে না থাকায় মোবাইল ফোনে বলেন, এরকম কোন অভিযোগ আমরা পাইনি। সাইফুল ইসলামকে দেখাশোনার জন্য রাখা হয়েছে। সে চাকুরী করে। তবে এবিষয়ে কোন অভিযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেব।
