ছবির ক্যাপশন:
সাইফুল ইসলাম, ডাকবাংলা:
ঝিনাইদহে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের চতুর্থ দিনে অনেকটা বদলে গেছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা ত্রিমহনীর চেহারা। লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রধান সড়ক ও মোড়ে মোড়ে টহল দিচ্ছে ডাকবাংলা ক্যাম্প পুলিশ, সাধুহাটি ইউনিয়নের গ্রাম পুলিশসহ স্বেচ্ছাসেবকরা। সাধারণ মানুষকে সচেতনতা করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গতকাল শনিবার রাস্তায় পুলিশের টহল গাড়ি দেকা গেছে। পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি। আগে রাস্তায় মানুষের সমাগম, চায়ের দোকানে আড্ডা দেখা গেলেও এবার রাস্তায় মানুষের চলাচল খুবই কম। প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হচ্ছে।
এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. লিটন হোসেন বলেন, ‘ডাকবাংলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা সাধারণ জনগণকে সচেতনতায় উদ্বুদ্ধ করছি। সাথে সাথে লকডাউন চলাকালে সপ্তাহব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ কঠোরতা অব্যাহত থাকবে।’
