ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়ায় করোনাকালীন সহায়তার টাকা আত্মসাতের ঘটনা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাকালীন সহায়তার টাকা আত্মসাতের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। তাঁরা অভিযুক্ত ব্যবসায়ী নিউ ডিজিটাল টেলিকমের স্বত্ত্বাধিকারী আহসান মাস্টার ও তাঁর ছেলে সাঈদ হাসান বাপ্পীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সাথে তাঁদের শাস্তি নিশ্চিত না হলে সকল মোবাইল ব্যাংকিং সেবা একদিনের জন্য বন্ধ রাখার আল্টিমেটাম দেন ব্যবসায়ীরা।
জানা যায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাকালীন সহায়তার ৫ হাজার টাকা নিউ ডিজিটাল টেলিকমে তুলতে যান আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের সর্দ্দারপাড়ার মানিক সর্দ্দারের ছেলে হতদরিদ্র সুজন সর্দ্দার। কিন্তু ওই দোকানের সাঈদ হাসান বাপ্পী ওই গ্রাহকের ৫ হাজার টাকার পরিবর্তে তাঁকে আড়াই হাজার টাকা দিয়ে তাকে তাড়িয়ে দেন। আর কোনো টাকা নেই বা টাকা আসেনি বলে জানান বাপ্পী। পরে ভুক্তভোগী একই বাজারের মেসার্স সাদিয়া টেলিকমের স্বত্ত্বাধিকারী মোজাম্মেল হকের নিকট গিয়ে তাঁর ব্যবহৃত মোবাইল ০১৮৬৪-০৯৪০৬৭ নম্বরে স্টেটমেন্ট চেক করে নিশ্চিত হন যে গত ৮ মে গভীর রাতে আহসান আলী মাস্টার তাঁর নিজ ব্যবহৃত ০১৮৭১-৭৪৪৫০০ নম্বরে ৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনা জানাজানি হলে বাজারে উত্তেজনা দেখা দেয়।
পরে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে বাজার কমিটির কার্যালয়ে নেতৃবৃন্দের নিকট টাকা উত্তোলনের দায় আহসান আলী মাস্টার স্বীকার করে নেন এবং ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু ব্যবসায়ী মহল তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক দিনের আল্টিমেটাম ঘোষণা করেন এবং সর্বসম্মতিক্রমে অর্নিদিষ্ট কালের জন্য সকল প্রকার ব্যবসায়ী লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে গতকাল রোববার রাত ১০টায় আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজায় অবস্থিত মেসার্স চঞ্চল ট্রেডার্সে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভায় আহসান আলী মাস্টার ও তাঁর ছেলে সাঈদ হাসান বাপ্পীর বিরুদ্ধে ২৩ সদস্যবিশিষ্ট মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশ ব্যবসায়ীরা গণস্বাক্ষরিত লিখিত অভিযোগপত্রের অনুলিপি জেলা প্রশাসক, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আন্দুলবাড়ীয়া বাজার কমিটি ও বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশ কোম্পানির জিএম বরাবর অনুলিপি আজ সকালে প্রেরণ করা হবে।
জরুরি সভায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আবু সামা বাবু, মোজাম্মেল হক, মহিদুল ইসলাম, তাহের খান তালাত, আব্দুল হান্নান, মারুফ হোসেন সাদ্দাম, ইকলাস উদ্দীন, মিণ্টু শেখ, হাসিবুল হোসেন শান্ত, আব্দুল হালিম, খালিদ হাসান, শাহিন উদ্দীন, কাজী রকিবুল ইসলাম রাসেলসহ ব্যবসায়ীরা।
