গাছে গাছে মহান আল্লাহর গুণবাচক নাম

আপলোড তারিখঃ 2021-05-28 ইং
গাছে গাছে মহান আল্লাহর গুণবাচক নাম ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের প্রায় সব রাস্তার ধারের গাছগুলোতে মহান আল্লাহর জিকির ও গুণবাচক নাম সাঁটানো হয়েছে। এতে লেখা রয়েছে ‘আলহাদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহু’সহ আল্লাহ তা’লার অসংখ্য গুণবাচক নাম। শুধু তাই নয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণীও সাঁটানো হয়েছে। এমন দৃশ্য নজর কেড়েছে রাস্তায় চলাচলকারী মানুষের। আরবি ও বাংলায় লেখা আল্লাহ তা’লার গুণবাচক এমন বাণী পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও অনেকেই আবার অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে, কে বা কারা এমন বাণী গাছে টাঙিয়েছেন, তা জানেন না কেউ। স্থানীয়রা বলছেন, ‘রাতের কেউ না কেউ গুণবাচক নামগুলো টাঙিয়েছে। কিন্তু এ নামগুলোর ফেস্টুনে কোনো সংগঠনের নাম উল্লেখ নেই। আবার কোনোটাতে লেখা থাকলেও তা পুরো নাম লেখা নেই। সরেজমিনে গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা, জামালপুর, কালুপোল, গড়াইটুপি, গহেরপুর, সড়াবাড়িয়াসহ তিতুদহ ইউনিয়নের আড়িয়া, গিরিশনগর, গোবরগাড়া, তিতুদহ বড়শলুয়াসহ প্রায় বিভিন্ন এলাকায় গাছে এই বাণীগুলোর চিত্র রাস্তার দু’পাশে দেখা যায়। এছাড়া গুণবাচক নাম সম্বলিত ফেস্টুন কম্পিউটার কম্পোজ করে সাঁটানো হয়েছে। ঝড়-বৃষ্টি থেকে ফেস্টুন গুলোকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং। পথচারী তুষার আহম্মেদ বলেন, ‘সকাল বেলা এই রাস্তা দিয়ে হেটে বাড়ি যাই এবং বাজারে আসি। যাওয়া ও আসার সময় গাছে টাঙানো আমাদের প্রিয় নবীর বাণীগুলো পড়ি। এতে আমার ভালো লাগে ও সওয়াব পাওয়া যায়।’ ইজিবাইক চালক রতন মিয়া বলেন, ‘আমি আরবি পড়তে জানি না। তবে বাংলায় ওই বাণীগুলো পড়তে পারি। এখান থেকে পড়ে আমি অনেকগুলো মুখস্থ করে নিয়েছি।’ স্থানীয় এক যুবক পাপন বলেন, ‘সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব। সেই সঙ্গে গাছে গাছে আল্লাহর জিকির লেখা দেখামাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন সকালে সড়কের পাশে হাঁটা হয়। তাই ফেস্টুন দেখলেই জিকির করি। এখন জিকির অভ্যাসে পরিণত হয়েছে।’ এ বিষয়ে খাড়াগোদা জামে মসজিদের ইমাম খায়রুল ইসলাম জানান, ‘গাছে গাছে আল্লাহর নাম সাঁটানোর বিষয়ে আমি জানি না। যারা এই কাজগুলো করেছেন, তা অবশ্যই প্রশংনীয় এবং যারা পাঠ করবে তারাও সওয়াব পাবেন। এ পাঠগুলো যেকোনো সময় পড়া যায়, এতে কোনো ক্ষতি নেই। তবে এমন কাজের বিষয়ে আমার সাথে কেউ আলোচনা করেনি।’ এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতা-কর্মীরা বলেন, ‘রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গাছে আল্লাহর জিকির ও গুণবাচক নামগুলো চোখে পড়েছে। তবে কে বা কারা এই বাণীগুলো টাঙিয়েছে তা জানি না।’ তাঁরা আরও বলেন, ‘যারা লাগিয়েছে নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। তারা যদি সৎ উদ্দেশে কাজগুলো করে থাকেন, অবশ্যই সওয়াব পাবেন এবং যারা পড়বেন তারাও সওয়াব পাবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)