ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে যায়।
জানা যায়, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা থেকে একটি কাজ শেষে মোটরসইকেলযোগে নিজ বাড়ি হিজলগাড়ীতে ফিরছিলেন চেয়ারম্যান আলী হোসেন। পথের মধ্যে জালশুকা গ্রাম সংলগ্ন স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহান আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেলাসহ বুকের ২টা হাড় ও ডান হাতের ১টি আঙুল ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে নিজ বাড়িতে নিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এদিকে, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জানতে পেরে বিভিন্ন শ্রেণি-পেশার তাঁর সঙ্গে দেখা করতে আসেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
