আসন্ন ঈদের কেনা-কাটা নিয়ে মায়ের সঙ্গে যুবতীর ঝগড়া
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ঈদের কেনা-কাটা নিয়ে মায়ের ওপর অভিমান করে এক যুবতী নারী (৩০) আত্মহত্যার চেষ্টার করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। ওই যুবতীর বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই যুবতীকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। আত্মহত্যার অপচেষ্টাকারী ওই নারী হাতিকাটা মসজিদপাড়ার গণি মণ্ডলের মেয়ে।
জানা যায়, ঈদের কেনা-টাকা নিয়ে গতকাল বেলা তিনটার দিকে মা পরিসন বেগমের সঙ্গে ঝগড়া বাধেঁ ওই যুবতীর। এর জের ধরে বেলা চারটার দিকে মায়ের ওপর ওভিমান করে ঘাষমরা বিষপান করে আত্মহত্যার অপচেষ্টা করেন তিনি।
ওই যুবতীর ছেলে সোলায়মান (৭) কাঁদতে কাঁদতে বলে, ‘মা-আর নানী ঈদের বাজার করা নিয়ে ঝগড়া করছিলো। এসময় আমি বাড়ির পাশে খেলা করছিলাম। পরে নানীর চিৎকারে বাড়ি এসে দেখি মা বিষ খেয়েছে। আব্বা মাঠে ঘাষ কাটতে গেছিলো। নানাও বাড়িতে ছিলো না। আমি আর নানী একটি ভ্যান ডেকে মাকে হাসপাতালে নিয়ে আসি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, ‘রোগী অতিরিক্ত পরিমানে বিষ পান করেছে। ওয়াশ করে পেট থেকে সমস্ত বিষ বের করা হয়েছে। তবে রোগীর অবস্থা শঙ্কামুক্ত নয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা শেষে তাকে হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।’
