ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার দফরপুর জামে মসজিদে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন হাসান আলী (২৫) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে দফরপুর জামে মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করার সময় তাঁকে আটক করা হয়। হাসান দফরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
দফরপুর জামে মসজিদের মোয়াজ্জিন আসাদুল হক বলেন, রাতে সেহরি খাওয়ার জন্য মাইকে প্রচার করতে মসজিদে গিয়ে দেখেন হাসান মসজিদের দান বাক্সের তালা ভাঙছে। এসময় তাঁকে তিনি আটক করে পরে গ্রামবাসীকে বিষয়টি অবহিত করেন। হাসান ইতোপূর্বে দফরপুর জামে মসজিদসহ কয়েকটি মসজিদে চুরি করার সময় ধরা পড়েছিলেন। দফরপুর জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
