ছবির ক্যাপশন:
দামুড়হুদার নতুন বাস্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার নতুন বাস্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি পরিবারের বসত-বাড়ি, ছাগল, ধান, আলুসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে অসাবধানতার কারণে রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- সাইদুর রহমান, আবু সাঈদ ও আবু ছালামের পরিবার। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যোক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত আয়ুব মণ্ডলের ছেলে সাইদুর রহমানের স্ত্রী রান্না শেষ করে ধান গোছানোয় ব্যস্ত হয়ে পড়েন। এ সময়ের মধ্যে রান্নাঘরের চুলায় অসাবধানতার কারণে আগুন ধরে যায়। পরে পাশে থাকা সাইদুর রহমানের ছেলে আবু সাঈদ ও আবু সালামের বসতঘর এবং ছাগলের ঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় তিনজনের বসতবাড়িসহ ১২টি ছাগল, ৩০ মণ আলু, ২০ মণ ধান ও নগদ ৫৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। এ তিনটি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায়। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর শেখের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এমন খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলামের পক্ষে ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
