ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
মহামারি করোনা প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের ঘোষনায় করণীয় বিষয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লকডাউনে সরকারি নির্দেশাবলী পালনসহ কিছু কিছু নিয়ম বিধিমালা আরোপ করা হয়েছে।
তাহলো- শহরের জন্য সরকারি ভূষন স্কুল, এমইউ কলেজ ও শেখ রাসেল স্টেডিয়ামের খোলা মাঠে কাঁচাবাজার বসবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বাজার খোলা রাখা যাবে। হোটেল রেস্তোরার ক্ষেত্রে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত শুধুমাত্র খাবার বিক্রি করতে পারবে। মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে ২০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না। এছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। গতকাল মঙ্গলবার সকালে এসব নির্দেশনাবলী মানতে শহরের ব্যবসায়ীসহ সকলের উদ্দেশ্যে করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার একথা বলেন।
কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, করোনা প্রতিরোধ কমিটির সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শারমিন লুবনা, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার, শাহাজান আলী বিপাশ, এনামুল হক সিদ্দিক, মটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, পৌর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সম্পাদক সহ শহরের অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, করোনাকালীন লকডাউন চলাকালীন সময়ে বিধি নিয়ম মানতে প্রতিদিনই উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা ছাড়াও অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
