ছবির ক্যাপশন:
কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাম দক্ষিণ মাঠে আগুন লেগে ১৬ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে রতন সেনের ২ বিঘা, পিজুষের ১ বিঘা, সুধীর সেনের ১০ কাঠা, রবীন সেনের ১ বিঘা, অনুপ সেনের ১ বিঘা, আনন্দ সেনের ২৫ কাঠা, কৃষ্ণ সেনের ১ বিঘা, বাবুলের ১ বিঘা, রতন দত্তের ১৫ কাঠা, তাপস ১৫ কাঠা, চঞ্জল সেন ১৫ কাঠা, ভাস্কও ১০ কাঠা, রামপদ ১০ কাঠা, অশোক দে ১ বিঘা, হারান সেন ১০ কাঠা এবং অমল সেনের ১০ কাঠাসহ প্রায় ২০ বিঘা জমির পান পুড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এসময় পান চাষিরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকার প্রায় ১৬ জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। খরব পেয়ে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
