ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারে চার মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর বনবিভাগের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভগে নেয়। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে, অন্য দুজনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একই পরিবারের আহত চার সদস্য হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের পশ্চিমপাড়ার মৃত কাছেদ আলী মণ্ডলের ছেলে ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান (৪০), তাঁর স্ত্রী জোছনা বেগম (৩৫), মেয়ে মাইশা রহমান নিশি (১৪) এবং শিশু পুত্র জাকারিয়া (৩)।
জানা যায়, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের ডিএমএস ডা. জেড এম রওশন আমিন রতন তাঁর নিজস্ব প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৯৭৫৬) চালিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। পথের মধ্যে জাফরপুর বনবিভাগের অদূরে পৌঁছালে মশিউর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি দ্রুত গতীতে মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় মোটরসাইকেলের চালক মশিউর রহমান ও তাঁর স্ত্রী-সন্তান রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। এসময় স্থানীয় ব্যক্তিরা দ্রুত জখম চারজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহতদের মধ্যে মশিউর রহমান ও জোছনা খাতুনের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলটি রাস্তার বাম পাশ দিয়েই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই দ্রুত গতীতে একটি প্রাইভেট কার তাঁদেরকে দাক্কা দেয়। মোটরসাইকেলে শিশুসহ একই পরিবারের চারজন সদস্য ছিল। আমরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
আহতদের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত একই পরিবারের চারজন সদস্যকে দুপুরে জরুরি বিভাগে নেয়া হয়। আহতদের মধ্যে মশিউর রহমানের কোমড় ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়েছে এবং তাঁর স্ত্রী জোছনা খাতুনের বাম পায়ের স্কিনলসসহ গুরুত্বর জখম হয়েছে। তাঁদের দুজনেরই উন্নত চিকিৎসার প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে রেফার্ড করা হয়েছে। তাঁদের দুই সন্তানকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসাতালের সার্জাি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, একটি সড়ক দুর্ঘটনার খবর ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছিলো। দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য আহত হয়েছে বলে জানতে পেরেছি। দুর্ঘটনা কবলীত প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
