ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকালে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা টিকা কেন্দ্রে থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য সিআইপ দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন তিনি। এর পরপরই করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম। এসময় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান টিকা কেন্দ্রে পরিদর্শন করেন। গতকাল জেলার বিভিন্ন টিকাকেন্দ্র থেকে মোট ৮০৬ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
জানা যায়, করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রমের প্রথম ডোজ প্রদান করা শুরু হয়। এর দুইমাস পর গত বৃহস্পতিবার (৮ এপ্রিল)থেকে সারা দেশে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। ওইদিন জেলায় মোট ৬৯৮ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। ৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত চারদিনে জেলায় মোট করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩ হাজার ১০৩ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ হাজার ৪৩২ জন, আলমডাঙ্গায় ৫৫৪ জন, দামুড়হুদায় ৪৮৯ জন ও জীবননগরে ৬২৮ জন। গতকাল সোমবার জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮০৬ জন। এরমধ্যে সদর উপজেলায় ২৬৭ জন, আলমডাঙ্গায় ২২৯ জন, দামুড়হুদায় ১৪৩ জন ও জীবননগরে ১৬৭ জন।
এদিকে, গতকাল জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৪৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, আলমডাঙ্গায় ৫৯ জন, দামুড়হুদায় ৩০ জন ও জীবননগরে ১৯ জন। এখন পর্যন্ত জেলায় করোনা টিকার জন্য মোট রেজিস্ট্রেশন করেছেন ৬৫ হাজার ৬৫৬ জন। এর মধ্যে জেলায় মোট টিকা গ্রহণ করেছেন ৫৭ হাজার ৪৮ জন। এর মধ্যে সব থেকে বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন আলমডাঙ্গা উপজেলায় ২৭ হাজার ৫২১ জন, এরপর দামুড়হুদায় ১২ হাজার ২৮৫ জন, সদর উপজেলায় ১০ হাজার ৪৮৫ ও জীবননগরে ৬ হাজার ৭৫৮ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা টিকাদান কমিটির আহ্বায়ক ডা. আওলিয়ার রহমান বলেন, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে জেলায় আজ (গতকাল) সোমবার পর্যন্ত জেলায় ৩ হাজার ১০৩ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। স্বাভাবিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে করোনা টিকা গ্রহণ করছেন। জেলায় টিকাদান কর্মসূচি শুরুর দিকে মানুষের মনে টিকার কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নানা সন্দেহ থাকলেও পরবর্তীতে দেশের বিভিন্ন রাজনীবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা দিতে শুরু করার পর সাধারণ জনগণের মধ্যেও টিকা নিতে আগ্রহ দেখা গেছে। আশা করি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই টিকা পৌঁছে যাবে।’
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি টিকার প্রথম ডোজ চুয়াডাঙ্গায় এসে নিয়েছিলাম। আজকে (গতকাল) দ্বিতীয় ডোজের টিকা নিলাম। প্রথম দিকে টিকা নেওয়ার বিষয়ে কিছু কিছু মানুষ বিভ্রান্তের মধ্যে ছিল। বর্তমানে মানুষের সে ধারনা পাল্টে গেছে, এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছেন। তিনি আরও বলেন, করোনা থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে, ঘর থেকে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পৌরসভার কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ প্রমুখ।
