প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সালমা আক্তার মুন্নি (৩০) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুন্নি কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের মেয়ে।
মুন্নির চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, ২০ দিন আগে শ্বাসকষ্ট শুরু হয় মুন্নির। গত সপ্তাহে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। যশোর থেকে মুন্নিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে করোনা চেকআপ করালে তাঁর করোনা পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। জাকির হোসেন আরও জানান, গত (৩১ মার্চ) মুন্নির মা ময়না বেগম ঢাকায় মারা যান। করোনা আক্রান্ত মেয়ে মুন্নির সঙ্গে ঢাকায় গিয়েছিলেন তিনিও। তবে কী কারণে তাঁর মা মারা যান, তা বলতে পারছেন না জাকির হোসেন।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জের কাস্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, মুন্নির লাশ ঢাকা থেকে গ্রামে আনা হচ্ছে। মুন্নি যশোর এম এম কলেজ থেকে মাস্টার্স শেষ করে চাকরির জন্য পড়াশোনা করছিলেন।
বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মকলেচ উজ্জামান জানান, ‘আমরা ধারনা করছি করোনা আক্রান্ত মেয়ের সঙ্গে মা ঢাকায় যাবার কারণে মা ময়না বেগমও করোনায় আক্রান্ত হয়ে মৃত্য হতে পারে। তবে আমরা সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করে যাচ্ছি।’
