ভাড়া বেড়েছ দ্বিগুণ, স্বাস্থ্যবিধির বালাই নেই!

আপলোড তারিখঃ 2021-04-06 ইং
ভাড়া বেড়েছ দ্বিগুণ, স্বাস্থ্যবিধির বালাই নেই! ছবির ক্যাপশন:
‘লকডাউনের’ প্রথম দিনেই চুয়াডাঙ্গা শহর ইজিবাইকের দখলে নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের ‘লকডাউনের’ প্রথম দিনেই চুয়াডাঙ্গা শহর অবৈধ যান ইজিবাইকের দখলে। যেমন নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, তেমনি হঠাৎ করেই ভাড়াও বেড়েছে দ্বিগুণ। জানা গেছে, সারা দেশের সঙ্গে চুয়াডাঙ্গাতেও সরকার ঘোষিত এক সপ্তাহের ‘লকডাউন’ শুরু হয়েছে গতকাল সোমবার। তবে সরকারি-বেসরকারি দপ্তর খোলা আছে সীমিত পরিসরে। সকাল থেকেই চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় আছে। সেই সঙ্গে জেলাজুড়ে ‘লকডাউনের’ প্রভাবও খানিকটা কম। তবে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে, বিশেষ করে যারা আশপাশের উপজেলা বা গ্রাম থেকে এসে শহরে অফিস করছেন। হঠাৎ করেই অবৈধ যান ইজিবাইকের দখলে চলে এসছে চুয়াডাঙ্গা শহর। শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক। ১০ টাকার ভাড়া এক দিনেই ২০ টাকা হয়ে গেছে। আর স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ছোট্ট জায়গায় চালকসহ ৯ জন করে বসতে হচ্ছে। যেতে হলে যান, না হলে নয়। সবমিলিয়ে এক কথায় দাপট এখন তাদের। দামুড়হুদা উপজেলা শহর থেকে জেলা শহরের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন মুনতাসির মুনিম। তিনি জানান, সকালে বাস না থাকায় ইজিবাইকে ডাবল ভাড়া দিয়ে আসতে হয়েছে। আর অল্প জায়গায় গাদাগাদি করেই বসতে হচ্ছে। চালকরা কিছুতেই কম যাত্রী নিয়ে আসবেন না। এজন্য আবার দাঁড়িয়েও থেকেছেন বেশ কিছুক্ষণ। প্রায় অভিন্ন ভাষায় ভোগান্তির কথা জানান সালেহা খাতুন। আলমডাঙ্গা উপজেলার এক গ্রাম থেকে শহরে অফিস করতে আসতে তাঁর অন্যদিন সময় লাগে প্রায় আধা ঘণ্টা। তবে গতকাল তাঁর এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। তেমনি ভাড়াও লেগেছে দ্বিগুণ। ইজিবাইক চালক হেলাল বলেন, ‘সবাই ভাড়া বেশি নিচ্ছে। আমি নিবো না কেন। আমিও নিচ্ছি। আর স্বাস্থ্যবিধি মানার কথা আমরাও বলছি। যাত্রী না মানলে আমি কী করব।’ এদিকে, শহরে মানুষের চলাচল সীমিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে বেশ তৎপর। তবে ইজিবাইকের বিরুদ্ধে এখনো তেমন কোনো কার্যকরি পদক্ষেপ নিতে দেখা যায়নি। এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ‘লকডাউন’ কার্যকর করতে মাঠে আছেন। তিনি জানান, জেলা প্রশাসন কঠোরভাবে ‘লকডাউন’ কার্যকর করতে বেশ তৎপর। ইজিবাইকের বিষয়েই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদেরকের মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)