ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজাসহ তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার মিনারুল ইসলামের স্ত্রী তাসলিমা (২৫) এবং নুরনগর কলোনীপাড়ার শহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা (৫০)। আটককৃতদের মধ্যে ফিরোজাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে এবং তাসলিমাকে নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আব্দুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালান। এসময় পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়া থেকে শেখপাড়ার তাসলিমাকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত তাসলিমাকে নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।
এদিকে, বিকেল চারটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ায় শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তাঁর স্ত্রী ফিরোজাকে ১ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফিরোজাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন পেশকার আব্দুল লতিফ।
