চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2021-04-04 ইং
চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:
জাত-পাতের দোহাই দিয়ে নববধুর শরীরে মদ ছিঁটানোর ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাত-পাতের দোহাই দিয়ে পবিত্রতার কথা বলে নববধূর শরীরে বাংলা মদ ছিঁটানোর সেই ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি এলাকা সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জয়ভীম ছাত্রযুব ফেডারেশনের ব্যানারে চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ মানববন্ধন অংশগ্রহণ করে। মানববন্ধনে জাত-পাতের দোহাই দিয়ে নারী নির্যাতনকারী, বর্বর সমাজপতিদের অমানবিক বিচার ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘বর্তমান যুগেও বিচারপতিদের এ ধরনের বিচার মেনে নিতে হচ্ছে। তবে যুবসমাজের অনেকেই জাতে তোলার নামে হেনস্তা করার বিষয়টির প্রতিবাদ করতে চায়। ইচ্ছে থাকলেও তারা সমাজপতিদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। কেননা তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই সেই পরিবারকে ঢেকি বা একঘরে করে রাখা হবে। ফলে সমাজপতিদের অন্যায় অত্যাচার দিনেদিনে বেড়েই চলেছে। হৃদয়-রিতা দম্পতির বিয়ের ঘটনায় সমাজপতিদের অন্যায় বিচারের রায় বাতিলসহ আগামীতে বিচারের নামে কোনো নারী বা কোনো পরিবারকে হেনস্তা-অপমান করা যাবে না। একইসাথে সমাজপতিদের বিচার পরিচালনা বন্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’ মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের সভাপতি প্রসেনজিৎ দাস মলয়, সাধারণ সম্পাদক হেমন্ত দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ডোম, বাংলাদেশ হরিজন সম্প্রদায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নিশিকান্ত ভুঁইমালী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নাট্য সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনার হোসনে আরা হাসি, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব শাহিন উল কাদির। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার সংগঠনের আহ্বায়ক দয়াল সর্দারসহ হরিজন সম্প্রদায়, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি শাওন কুমার রায়। উল্লেখ্য, চুয়াডাঙ্গায় ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করার অপরাধে সমাজপতিদের হেনস্তার শিকার হয় এক নবদম্পতি। বিচারের নামে নববধুর গায়ে বাংলা মদ ছেটানোসহ ২০ দিনের মধ্যে সারা দেশের ডোম সমাজের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার স্টেশন সংলগ্ন মাছের আড়তপট্টি এলাকায়। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বিচার বসিয়ে এ নির্দেশ দেন ডোম সমাজের সমাজপতিরা। এবিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগও দিয়েছে বাংলাদেশ জয় ভীম ছাত্র-যুব ফেডারেশন নামে একটি সংগঠন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর করা আবেদনপত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকার মৃত বিরু ডোমের ছেলে হৃদয় ডোম মাস দুয়েক আগে বড় বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাশফোঁড়কে বিয়ে করেন। ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সমাজের মেয়ে বিয়ে করায় ডোম সমাজের জাত গেছে বলে অভিযোগ তুলে বিচারের আয়োজন করে সমাজিপতিরা। হৃদয় ডোমের পরিবারকে একঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে গত ২৩ মার্চ বিচার বসান রতন, দুশ, চলুয়া, জুটকা, বাদল হিরু ডোমসহ ডোম সমাজের সমাজপতিরা। বিচারে নববধু রিতাকে বাশফোঁড় সম্প্রদায় থেকে ডোম সমাজে রূপান্তরিত করে পবিত্র করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক ৫০-৬০ পুরুষের সামনে রিতার বাশফোঁড়ের শরীরে বাংলা মদ ছিটান নেতারা। শুধু তাই নয়, বিচারে হৃদয় ডোমের পরিবারকে নগদ ৬ হাজার টাকা জরিমানা এবং আগামী ২০দিনের মধ্যে বাংলাদেশের সকল ডোম সম্প্রদায়ের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর নির্দেশ এবং রিতা বাশফোঁড়কে তার বাবার বাড়িতে গেলেও কোনো প্রকার খাদ্য গ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়। ওই আবেদনের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)