সংঘর্ষ-অগ্নিসংযোগ-গুলি নিহত ৩

আপলোড তারিখঃ 2021-03-29 ইং
সংঘর্ষ-অগ্নিসংযোগ-গুলি নিহত ৩ ছবির ক্যাপশন:
দেশব্যাপী হেফাজতে ইসলামের হরতাল : দাবি দুই দিনে সারা দেশে নিহত ১৭ সমীকরণ প্রতিবেদন: হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জসহ দেশের বেশ কিছু এলাকায় মিছিল, সড়ক অবরোধ, গাড়িতে আগুন, সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন শতাধিক। রাজধানী ঢাকার ভেতরে মোহাম্মদপুর, সাইনবোর্ড, গেন্ডারিয়া ও পল্টনসহ বেশকিছু এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল কম। যানবাহন সঙ্কটে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে রাখায় দুরপাল্লার যানবাহন চলাচল করেনি। ব্রাক্ষণবাড়িয়ায় ট্রেনে হামলার ঘটনায় চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচলও বন্ধ ছিল। রাজধানীতে যাত্রীবাহী বাস চলাচল করেছে হাতে গোনা। রিকশা, সিএনজি ও অটোরিকশার দখলে ছিল রাজপথ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার নমনীয় নয়, ধৈর্য্যের পরিচয় দিচ্ছে মাত্র। নিরাপত্তা বাহিনী চরম ধৈর্য্যরে সঙ্গে মোকাবিলা করছে। কিন্তু এ অবস্থা আর থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। গতকাল বিকেলে পুরানা পল্টনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মোদি বিরোধী আন্দোলনে সারাদেশে ১৭ জন শহীদ হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ সারাদেশে দোয়া এবং আগামী ২ এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে গত শুক্রবার হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালের জোড়ালো প্রভাব দেশের প্রধান জেলা শহরগুলোতে না পড়লেও দেশের অনেক স্থানে সরকার সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পিকেটারদের লাঠির আঘাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ওসি এসএম জালাল উদ্দিন (৫২) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হরতালকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদেরও ব্যাপক তৎপর থাকতে দেখা গেছে। গতকাল সকাল থেকে রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ী এলাকা ঘুরে রাস্তার প্রায় প্রতি মোড়েই পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এর বাইরে বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সদস্য মোতায়েন ছিল। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাজোয়া যান। র‌্যাব সদস্যদের কার পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল চলেছে সাইনবোর্ডে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ : হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৪ গাড়িতে আগুন ও শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে শাকিল নামে একজন ফার্নিচার মিস্ত্রি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের নেতাকর্মী। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। ওদিকে সংঘর্ষের এক পর্যায়ে বেলা পৌনে ২টায় পুলিশ বিজিবির যৌথ অভিযানে সাইনবোর্ডের মূল সড়ক থেকে পিছু হটে হেফাজত কর্মীরা। এসময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হেফাজত কর্মীদের ধাওয়া করে। হেফাজত নেতাকর্মীরা পিছু হটার পর সাইনবোর্ড থেকে সানারপাড় পর্যন্ত এলাকা পুলিশ-বিজিবি নিয়ন্ত্রণে নেয়। এসময় আরও কয়েজন গুলিবিদ্ধ হয়। দুটি এম্বুলেন্সযোগে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পল্টনে সংঘর্ষ : গতকাল সকাল ১১টার দিকে হরতালের সমর্থনে হাতে লাঠি-সোটা নিয়ে মিছিল বের করে হেফাজতে ইসলাম। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে তারা জিপিও মোড়ের দিকে যায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিল বিপরীত দিক থেকে আসলে তারা মুখোমুখি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে হেফাজতের মিছিলটি নয়াপল্টন হয়ে পুনরায় বায়তুল মোকাররমের সামনে ফিরে আসে এবং সেখানে সমাবেশ করে। তথ্য সুত্র- দৈনিক ইনকিলাব

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)