ছবির ক্যাপশন:
হেফাজতে ইসলামের সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা ও বোমাবাজির বিরুদ্ধে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল শনিবার পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে তারা।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগ:
হেফাজতে ইসলামের সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা ও বোমাবাজির বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে বিক্ষোভ মিছিলের জন্য সমাবেত হয় জেলা আওয়ামী যুবলীগ। দুপুরের পর থেকেই যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা আসতে থাকে সরকারি কলেজ মাঠে। সেখানে যুবলীগের পাশাপাশি মিছিলে অংশ নেওয়ার জন্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতা-কর্মীরাও একত্রিত হয়। তাঁদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পরিণত হয় কয়েক হাজার মানুষের জনস্রোতে। ঠিক বিকেল চারটায় বিক্ষোভ মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এসময় মিছিল থেকে হেফাজত ইসলামের সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা ও বোমাবাজির বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়। একইসাথে ষড়যন্ত্রকারী ও বোমাবাজদের অবিলম্বে বিচারের দাবি জানানো হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমার জিল্লুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমগীর আজম খোকা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফি, ইমরান হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
ছাত্রলীগ:
স্বাধীনতা বিরোধী অপশক্তি ও দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব স্বাধীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসের ছাত্রলীগ টেন্টে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহাবুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক অর্থ সম্পাদক রিমন হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, ছাত্রনেতা সোয়েব রিগান প্রমুখ।
মেহেরপুর:
মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌরসভা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহবুব হাসান ডালিম, সাজাদুর রহমান সাজু, মিজানুর রহমান অপু, ইউনুস আলী, শহীদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
