ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে আরামপাড়ার সৌরভ নামের একজনের এপাসি মোটরসাইকেল ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সৌরভ। গতকাল সন্ধ্যায় শান্তিপাড়ার কয়েকজন যুবক মোটরসাইকেলটি ভেঙে দেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঈদগাপাড়া মোড়ে সাজুর গ্যারেজে মোটরসাইকেল সার্ভিসিং করতে দেয় আরামপাড়ার মিরাজুল ইসলামের ছেলে মৃদুল হোসেন সৌরভ। সার্ভিসিং শেষে গ্যারেজের কর্মচারী হৃদয় মোটরসাইকেলাটি চেক করার জন্য বেলগাছির দিকে নিয়ে যায়। এ সময় শান্তিপাড়ার কয়েকজন যুবক সৌরভের মোটরসাইকেল চিনতে পেরে হৃদয়কেসহ মোটরসাইকেলটি শান্তিপাড়ায় নিয়ে যায়। হৃদয়কে একটি গাছের সাথে বেধে মোটরসাইকেলটি ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় সৌরভ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে সৌরভ বলেন, ‘সন্ধ্যায় আমি আমার এপাচি আরটিআর মোটরসাইকেলটি কলেজ রোডে অবস্থিত সাজুর গ্যারেজে ওয়াশ করার জন্য দিয়ে আসি। মোটরসাইকেলটি ওয়াশ করার পর তার গ্যারেজের কর্মচারী হৃদয় মোটরসাইকেলটি চেকিং-এর জন্য বেলগাছি গেটের কাছে আসলে আকাশ, রূপক, রামিম, দিপুসহ বেশ কয়েকজন মিলে মোটরসাইকেলসহ তাকে শান্তিপাড়ার মোড়ে নিয়ে যায়। হৃদয়কে শান্তিপাড়া মোড়ের পার্শবর্তী একটি আমগাছের সাথে বেধে রেখে তার সামনে মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং ভাঙচুর শেষে মোটরসাইকেলটি ভ্যানে তুলে হৃদয়কে সহ তার গ্যারেজের কাছে দিয়ে যায়।’
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
