মেহেরপুরে পানির ট্যাংকে মিলল যুবকের লাশ!

আপলোড তারিখঃ 2021-03-22 ইং
মেহেরপুরে পানির ট্যাংকে মিলল যুবকের লাশ! ছবির ক্যাপশন:
মেহেরপুর, প্রতিবেদক: মেহেরপুরে একটি বাড়ির পানির ট্যাংক থেকে রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টায় মেহেরপুর পৌর এলাকার বেড়পাড়া এলাকার বকুল হোসেনের বাড়ির ছাদের ওপরে থাকা পানির ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিবুল ইসলাম রাকিব বেড়পাড়ার আরমান আলীর ছেলে। খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানান, পানির ট্যাংকির পাশে রাকিবের জামাকাপড় ও একটি চুড়ি পাওয়া গেছে। পানি ট্যাংকির মালিক বকুল হোসেনের পরিবার জানান, ট্যাপ দিয়ে পানি বের না হওয়ায় ছাদে গিয়ে ট্যাংকির মুখ খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এদিকে, রাকিবের লাশ পানির ট্যাংকি থেকে বের করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের সময় রাকিবের পরিবারের সদস্যরা পুলিশের নিকট থেকে লাশ ছিনিয়ে নিয়ে বাড়ির মধ্যে রাখে। এসময় তাঁরা দাবি জানান, লাশের ময়নাতদন্ত হতে দেবে না। পরে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দ্ারা খান জানান, বকুল হোসেনের বাড়ির ছাদে পানির ট্যাংকির মধ্যে মরদেহ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান রাকিবুল ইসলাম রাকিব মাদকাসক্ত ছিলো বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। রাকিবের পরিবারের সদস্যরা জানান, রাকিব শনিবার রাতে খাবার শেষে বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেনি। সকালে তাঁর মৃত্যুর বিষয়টি জানতে পারা যায়। মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অমিও কুমার বিশ্বাস জানান, রাকিবুল ইসলাম রাকিবের মরদেহে আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)