দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অটো চালক আহত, চালক আটক

আপলোড তারিখঃ 2021-03-21 ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অটো চালক আহত, চালক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ভুট্টা বোঝায় ট্রাকের ধাক্কায় এক অটো চালক মারাত্মক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলা সদরের ব্র্যাক মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত অটো চালক জিনারুল (২৬) উপজেলার কালিয়াবকরি গ্রামের বদর আলীর ছেলে। তিনি বর্তমানে দীর্ঘদিন ধরে হাতিভাঙ্গা গ্রামে বসবাস করে আসছেন। দুর্ঘটনার পর দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুট্টা বোঝাই ট্রাকটি (যশোর-ট-১১১২০১) ও চালক সামিদুলকে (২৮) আটক করেন থানায় নেয়। ট্রাকচালক সামিদুল উপজেলার দর্শনার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের আশরাফুলের ছেলে। দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটো গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত জিনারুলের শ্বশুর জানান, ‘আহত অটো চালক আমার মেয়ের জামাই। সে দীর্ঘদিন ধরেই হাতিভাঙ্গা গ্রামে বসবাস করে আসছে। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদার দিকে আসার পথে দামুড়হুদা ব্র্যাক মোড়ে পৌঁছালে একটি ভুট্টা বোঝাই ট্রাক স্কেল থেকে বের হচ্ছিল। ট্রাকটি মেইন রাস্তায় ওঠার সময় হেলপার ছাড়াই রাস্তার অবস্থা না দেখে ট্রাকটি রাস্তায় নামালে ঘটে এ বিপত্তি। এসময় অটোতে বসে থাকা দুজন যাত্রীর কোনো সমস্যা না হলেও জামাই জিনারুল পিচ রাস্তায় ছিটকে পড়লে তার মাথা, চোখ ও কানে মারাত্মক জখম হয়।’ স্থানীয়রা জানান, গতকাল বিকেল দামুড়হুদা ব্র্যাক মোড় সংলগ্ন চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি অটো দামুড়হুদার দিকে যাচ্ছিল। এসময় ভুট্টা বোঝাই স্কেল থেকে ভুট্টা ওজন নিয়ে একটি ট্রাক হেলপার ছাড়াই মেইন রাস্তায় নেমে পড়ে, তখন অটো গাড়িটির সাথে ট্রাকের জোরে ধাক্কা লাগে। অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দামুড়হুদা (চিৎলা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সহকারী মেডিকেল অফিসার মাহাফুজ রহমান জানান, আহত অটো চালক জিনারুলের মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও তার চোখে ও কানে আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. খালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)