ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি আমজাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানসহ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সহ-সভাপতি এবং নির্বাহী সদস্যগণ। চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান এবং দলের কোচ সাংবাদিক ইসলাম রকিব, ম্যানেজার নাসির আহাদ জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গার ৪টি উপজেলার অনুর্ধ-১৮ বয়সের ক্রিকেটারদের নিয়ে দিনব্যাপী ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা ভি জে স্কুল (চাঁদমারী মাঠ) মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আলমডাঙ্গা উপজেলা দল ৪৪ রানে জীবননগর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমিফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ৪৬ রানে দামুড়হুদা উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ৮ উইকেটে আলমডাঙ্গা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেওয়া হয়। ৩টি উপজেলা দলকে পিছনে ফেলে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচ-ম্যানেজারকে ধন্যবাদ জানিয়েছেন।
