ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৌর এলাকার সুমিরদিয়ায় অভিযান চালিয়ে গাঁজা, তাড়িসহ তাঁদের আটক করে। পরে সন্ধায় তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া রেলপাড়ার আবুল হোসেনের ছেলে আবদার আলী (৪০) এবং একই এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে জুলমত আলী (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে আবদার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া রেলপাড়ায় আলতাব আলীর আমবাগানে অভিযান চালান। এ সময় জুলমত আলীকে ২০ লিটার তাড়িসহ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ।
