ছবির ক্যাপশন:
স্কুলছাত্র ইমরান আহসানের হাতে আঁকা স্কেচ দেখে খুশি হয়েছেন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার স্কুলছাত্র ইমরান আহসানের হাতে আঁকা স্কেচ দেখে খুশি হয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল সোমবার শুধুমাত্র পেনসিল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের অবিকল অবয়ব এঁকে কিশোর এ চিত্রশিল্পী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে তাঁদের সাথে দেখা করতে যায়। জেলা প্রশাসক নজরুল ইসলাম স্কুলছাত্র ইমরানের নিজ হাতে আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিজের অসাধারণ স্কেচটি দেখে আনন্দিত হন। তিনি ইমরানকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলেন। ইমরানের আঁকা স্কেচ দেখে তিনি ইমরানের সব স্কেচ দেখারও আগ্রহ প্রকাশ করেন। এবং জেলা প্রশাসনের আয়োজনে যেকোনো একটি প্রোগ্রামে ইমরানের আঁকা সব স্কেচের একটি এক্সিভিশন করার পরামর্শও দেন।
এদিকে, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ইমরানের আঁকা স্কেচ দেখে খুশি হয়ে ইমরানকে উপহারও প্রদান করেছেন। ইমরান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের স্কেচ নিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিজের স্কেচ দেখে ইমরানকে উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইমরনা আহসান। পেনসিল দিয়ে তাঁর আঁকা প্রতিটা ছবিই যেন জীবন্ত। হাতে আঁকা ছবি অথচ দেখে বোঝার উপায় নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্য ভিঞ্চি, রবিন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইনসহ বিখ্যাত বহু মানুষদের ছবি খুব যত্ন করেই স্কেচ করে সে। অল্প সময়েই সে ছবি দেখে দেখে অবিকল চিত্র ফুটিয়ে তুলতে পারে স্কেচের মাধ্যমে। তার নিজের ছবির ভান্ডারে রয়েছে অসংখ্য অসাধারণ ছবি। বিভিন্ন অমূর্ত চিত্র আঁকার প্রতি ইমরানের রয়েছে আলাদা মনোযোগ। অনেক খ্যাতিমানের ছবি রয়েছে তার ঝুলিতে।
