ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় ধানের জমির আঁইল কাটা নিয়ে বিরোধের জেরে বসির আহম্মেদ (৪০) নামের এক কৃষককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। রাত আটটার দিকে পরিবারের সদস্যরা জখম বসির আহম্মেদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বসিরর আহম্মেদকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। জখম বসির আহম্মেদ দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামের কদমতলাপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।
জানা যায়, ছোট দুধপাতিলা গ্রামের মাঠে বসির উদ্দীন ও একই এলাকার আমির হাসানের ছেলে মালেকের (৩০) ধানি জমি রয়েছে। গতকাল বিকেলে মালেক তাঁর জমির আঁইল কাটতে যেয়ে বসির উদ্দিনের জমির আইল কেঁটে ফেলে। এতে বসির উদ্দিনের ধান খেতের পানি বেড়িয়ে যায়। গতকাল সন্ধ্যায় জমির আঁইল কাটা নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এর একপর্যায়ে মালেক তাঁর হাতে থাকা বালিধারা (কৃষি কাজে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতিতে ধার দেওয়ার কাঠ) দিয়ে বসির আহম্মেদের মাথায় আঘাত করে। বালিধারার আগাতে বসিরের মাথায় গুরুতর জখম হয়। বসির রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে মালেক পালিয়ে যায়। খবর পেয়ে বসিরের পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বসিরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় বসিরকে জরুরি বিভাগে নেয়। তাঁর মাথায় কানের উপরে গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, দামুড়হুদায় ধানের জনি নিয়ে বিরোধের জেরে একজনকে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মালেককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। আহত ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
