চুয়াডাঙ্গায় চাচাতো ভায়ের ছুরিকাঘাতে দুই ভাই জখম

আপলোড তারিখঃ 2021-03-13 ইং
চুয়াডাঙ্গায় চাচাতো ভায়ের ছুরিকাঘাতে দুই ভাই জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে চাচাতো ভায়ের ছুরিকাঘাতে দুই ভাই জখম হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা আহত দুই ভাইকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার মৃত আব্দুল খালেকের দুই ছেলে জসিম (৩০) ও আব্দুল করিম (২৩)। জানা যায়, মৃত আব্দুল খালেকের দুই ছেলে জসিম ও আব্দুল করিমের সঙ্গে তাঁদের চাচা আবুল কালাম ও চাচাতো ভাই শাহ্ আলমের (১৭) চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছে। জসিম ও আব্দুল করিমের রাস্তা থেকে বাড়ি পর্যন্ত চলাচলের রাস্তা না থাকায় আব্দুল কালামের জমির ওপর দিয়ে চলাচল করতে হয়। গতকাল সকালে এ নিয়ে জসিম ও আব্দুল করিমের সঙ্গে চাচা আব্দুল কালাম ও চাচাতো ভাই শাহ্ আলমের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় শাহ্ আলমের হাতে থাকা একটি ছুরি দিয়ে জসিম ও আব্দুল করিমকে আঘাত করে। এসময় পরিবারের সদস্যরা জখম জসিম ও আব্দুল করিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জসিমকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং আব্দুল করিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। গুরুতর জখম জসিমের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, জসিমের বুকের পাশে ধারালো ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছে। তাঁর ফুসফুসেও ক্ষতসৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, চলাচলের পথ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ না পেলেও আবুল কালাম নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে জসিমের পরিবারের সদস্যরা জসিমকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)