ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদার উপজেলা কুড়ুলগাছিতে সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৪২) নামের কীটনাশক ও সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সজল হোসেন (১৮) নামের এক যুবক। গতকাল রোববার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় মনিরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত সজল হোসেনকে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নিহত মনিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে। গতকাল বেলা একটার দিকে খেতের কাজ শেষ করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম। পথের মধ্যে সামনে থেকে আসা একটি ধান বোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুলের সাইকেলের ওপর উল্টে পরে। ধানভর্তি আলমসাধুর নিচে পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। আহত সজল হোসেনকে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, ঘটনার পর আলমসাধুর চালক কুড়ুলগাছির ধান্যঘরা গ্রামের সাত্তার মিস্ত্রির ছেলে মনি পালিয়ে গেলেও ঘাতক আলমসাধুটি জব্দ করেছে পুলিশ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, আলমসাধুর নিচে পিষ্ট হয়ে মনিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক আলমসাধুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
