ছবির ক্যাপশন:
কালীগঞ্জে নির্বাচনী প্রচার সভায় আ.লীগের কেন্দ্রীয় নেতা বি এম মোজাম্মেল হক
প্রতিবেদক, কালীগঞ্জ:
‘আসন্ন পৌরসভা নির্বাচনে দলের স্বার্থে সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলের সভানেত্রী শেখ হাসিনার হাতে বিজয়ের ফল তুলে দিতে পারলেই আমরা স্বার্থক হব। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যেখানে একই পদের জন্য অনেকেই যোগ্য প্রার্থী থাকেন। কিন্তু যাচাই-বাছাই করেই দল একজনকে মনোনীত করে থাকে। আর এখানে দলের মনোনীত প্রার্থী আশরাফুল আলম আশরাফ। তাঁকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জয়ী করতে হবে। দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে জয় তুলে দিতে পারলেই আমরা স্বার্থক।’
গতকাল মঙ্গলবার রাত ৮টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফের নৌকা প্রতীকের প্রচার সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হক উপরোক্ত কথাগুলো বলেন।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নবী নেওয়াজ, যশোর সদর আওয়ামী লীগের সভাপতি মুহিত নাথ, কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা ইসরাইল হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান মতি।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নৌকা প্রতীকের আশরাফুল আলম আশরাফকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ দলের সকল সহযোগী সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে তুলে দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে ভোট ভিক্ষায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে নৌকা প্রতীকের স্লোগানসহকারে বড় শোডাউন দিয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ও সাংসদ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, পেীর ছাত্রলীগের আহ্বায়ক আশিকুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্যার নেতৃত্বে মেইন বাসস্ট্যান্ড থেকে বরণ করে দলীয় কার্যালয়ে আনা হয়।
