ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপে উপর্জনের একমাত্র সম্বল নিজের ইজিবাইক ফিরে পেয়েছে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাপ্পি মিয়া। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁকে ইজিবাইকটি বুঝিয়ে দেয় পুলিশ। জানা যায়, বাপ্পি মিয়ার সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নাছির মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে কয়েক দিন পূর্বে নাছির মিয়া বাপ্পি মিয়ার ইজিবাইকটি জোরপূর্বক আটকে রেখে দেয় এবং পাওনা টাকা পরিশোধ না করলে ইজিবাইক ফেরত দিবে না বলে জানায়।
এদিকে, উপর্জনের একমাত্র অবলম্বন ইজিবাইক হারিয়ে নিরুপায় হয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের নিকট অভিযোগ করে বাপ্পি। উক্ত অভিযোগের বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর কার্যালয়ে অবস্থিত জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এএসআই বিজন ভট্টাচার্য্যকে দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বাদী ও বিবাদী উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রত্যক্ষ মধ্যস্থতায় বাপ্পি মিয়া টাকা পরিশোধ করলে নাছির ইজিবাইকটি ফেরত দিয়ে দেয়। পুলিশ সুপারের প্রত্যক্ষ হস্তক্ষেপে বাপ্পি তাঁর উপার্জনের একমাত্র ইজিবাইকটি ফিরে পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও তাঁর পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
