ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে জিয়াউর রহমান ওরফে জিয়া (৩২) নামের এক হেযবুত তওহীদের কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে গাংনী থানা পুলিশ। আটক জিয়া গাংনী উপজেলার বামন্দী শহরের ফজলুল হকের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, হেযবুত তওহীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে গত শুক্রবার বিকেলে গাংনী উপজেলা শহরের একটি মসজিদে মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কাজীপুর গ্রামের হুমায়ুন কবির (৩২) ও নওদাপাড়া গ্রামের রতন আলী (২১)। তারা দু’জন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। এ দু’কর্মী শুক্রবার সন্ধ্যায় নিশিপুর হেযবুত তওহীদের জামে মসজিদের সামনে পৌঁছালে হেযবুত তওহীদের ২০/২৫ জন কর্মী অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় হুমায়ুন কবীর বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামী হওয়ায় জিয়াকে আটক করা হয়।
