ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসপাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ উন্নত দেশ হবে। সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ করছে বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায়ও ব্যাপক উন্নয়ন কাজ করা হবে। আপনারা ভোট দিয়ে একজন যোগ্য মানুষকে মেয়র নির্বাচিত করেছেন। অপরিপক্ক কেউ দায়িত্ব পেলে যে কাজ করতে পারে না, সেটা চুয়াডাঙ্গা পৌরবাসী বুঝতে পেরেছে। শহরের প্রতিটি রাস্তা, ড্রেন আজ জরাজীর্ণ। গত পাঁচ বছরে উন্নয়ন না হওয়ায় সাধারণ পৌরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। এই ভোগান্তি নিরসনে দ্রুত রাস্তাঘাট, ড্রেন সব ঠিক করা হবে।
পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘আপনারা ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আপনাদের পূর্ণ নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করব। সব এলাকায় সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি সমস্যা নিরসনে প্রয়োজনীয় কাজ করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, প্যানেল মেয়র সুলতানারা রত্না, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মহলদারসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
