ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাসের ধাক্কায় রাহুল হোসেন রাতুল (২২) নামের রেডেক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রান্ত নামের আরও একজন। গতকাল বুধবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই উপজেলার রতিডাঙ্গা গ্রামের মণ্টু মিয়ার ছেলে ও আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে হতাহতরা মোটরসাইকেলযোগে হরিণাকণ্ডুু থেকে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথের মধ্যে কাপাশহাটিয়া বটতলায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাতুল ও প্রান্ত গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত প্রান্তকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়। হরিণাকণ্ডুু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।
