ছবির ক্যাপশন:
কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্ব লুৎফর রহমান লাড্ডুর সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনাকে অশোভন আচরণের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কালীগঞ্জ ভূষন স্কুল মাঠস্থ ক্রীড়া ফেডারেশন ভবনে এই সমাবেশ করে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন। সমাবেশে ওই কর্মকর্তার শাস্তি ও অপসারণের দাবিতে আজ বুধবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ক্রীড়া ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাংবাদিক জামির হোসেন, ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন, পৌর শ্রমিক লীগের সম্পাদক মাসুদুর রহমান সোহাগ, ক্রিকেটার সাইদুর রহমান শাহিন, ফুটবল ফেডারেশনের সভাপতি দিলীপ সাহা, সম্পাদক ফজলুল হক তুষার, আশরাফুজ্জামান রাবুল, ওবাইদুল হক মেহেদী, মোমেনুল হক খোকাসহ ক্রীড়া সংগঠনের সদস্যগণ।
সভায় সিদ্ধান্ত হয় যে অবিলম্বে ডা. লুবনাকে অপসারণ করতে হবে। এজন্য বুধবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন করা হবে। মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
