ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রনি গাজীকে (২৮) গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গত শুক্রবার রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। কালীগঞ্জ ট্রাক টার্মিনাল থেকে জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিও। গ্রেপ্তারকৃত ট্রাক চালক রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাটি গ্রামের মশিয়ার রহমান গাজীর ছেলে।
বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতে পালানোর সময় রনি গাজীকে আটক করা হয়। গত ১০ ফেব্রুয়ারি কালীগঞ্জ থানায় হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ উদ্দীন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারবাজারে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী জে কে পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও পরে আরও ৩ জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ট্রাকের চালক।
