ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাছ চাপায় মর্জিনা খাতুন নছিয়া (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী ও তিন সন্তানের জননী। আহতরা হলেন- একই গ্রামের সাহেদা খাতুন ও তাজুল।
জানা যায়, সাহারবাটি গ্রামের মাঠে প্রতিবেশী আক্তারুল ইসলামের কাঁঠালগাছ কাটছিলেন শ্রমিকরা। মর্জিনা খাতুন ছাগলের খাবারের জন্য ওই গাছের পাতা নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই কাঁঠাল গাছটি আকস্মিকভাবে মর্জিনা, সাহেদা ও শ্রমিক তাজুল ইসলামের ওপরে পড়লে তাঁরা মারাত্মক আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার নছিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তাজুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও সাহেদাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
