ছবির ক্যাপশন:
সেলিম রেজা, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অবস্থিত বীজ উৎপাদন খামারে সাধারণ দর্শনার্থীদের ভিড় বেড়েছে। কারণ এই খামারে বীজ উৎপাদনের জন্য ২১ বিঘা জমিতে চাষ হচ্ছে সূর্যমুখি। আর এই সূর্যমুখি ফুলের অপরুপ দৃশ্যে মন জুড়িয়ে যাচ্ছে সবার। যার জন্যই বেড়েছে সাধারণ দর্শনার্থীদের ভিড়। প্রতিদিন শতশত মানুষ এই ফুলের বাগানে আসছেন ছবি তুলতে। কেউ যেন ফুল না ছেড়ে সেজন্য এখানে অতিরিক্ত লোকবলও নিয়োগ দিতে হয়েছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে অবস্থিত আমঝুপি বীজ উৎপাদন খামারের সূর্যমুখি ফুলের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আর ফেসবুক থেকে সন্ধান পেয়ে দুর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।
ছবি তুলতে আসা সন্ধ্যা নামের এক দর্শনার্থী জানান, ‘ফেসবুকে ফুলের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ছবি তুলতে এসেছি। ফুলে-ফুলে ভরপুর এমন দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে যায়। আর আমঝুপি বীজ উৎপাদন খামার স্বপরিবারে ঘোরার জন্য বিনোদনের একটি জায়গাও বটে। এখানে এসে সারাদিনের ক্লান্তি যেন ভুলে গেছি।’
আমঝুপি বীজ উৎপাদন খামারের কেয়ারটেকার আমিরুল ইসলাম জানান, ‘ফুল ফোটার পর ফেসবুকে ভাইরাল হলে মানুষের ভিড় বাড়তে থাকে। কাউকে আটকানো যাচ্ছে না। খামারের মূল গেটে তালা লাগানোর পর প্রাচীর টপকে মানুষ ভেতরে প্রবেশ করছে। বাধ্য হয়ে গেট খুলে দিয়ে লাঠি হাতে নিয়ে প্রতিরোধ করাতে হচ্ছে।’
খামারের উপপরিচালক মামুনুর রশিদ জানান, ‘বীজের জন্য খামারে প্রতিবছরই কমবেশী সুর্যমূখীর চাষ করা হয়। এবার ২১ বিঘা জমিতে চাষ করা হয়েছে। পুরোমাঠ জুড়ে ফুলে ফুলে ভরে যাওয়াতে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরী হয়েছে। এখন সব শ্রেণির মানুষ ফটো তোলার জন্য ভিড় করছে। মানুষের উপস্থিতি ভালো লাগছে। কিন্তু কিছু নারী-পুরুষ গাছ দুমড়ে-মুচড়ে ভেতরে গিয়ে ছবি তুলছে। যা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’ লোকবল দিয়েও জমির মাঝে যাওয়া ঠেকানো যাচ্ছে না বলে জানান তিনি।
