ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ায় নির্মাণাধীন বাড়ির রাস্তা দখল করে বন্ধ করার অভিযোগ তুলে একযোগে ১৫টি পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একই মহল্লার বাসিন্দা মোহাম্মদ আকবর আলীর ছেলে জিয়াউল কবির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সিনেমা হলপাড়ার কাঠপট্টি মহল্লায় মাসুদুর রহমানের কাছ থেকে ২ বছর আগে ১৩ শতক জমি কেনেন আমার বাবাসহ ওই মহল্লার ১৫ জন ব্যক্তি। পাশেই জমি কিনে বাড়ি করেছেন ওসি আমিনুল ইসলাম ও তার স্ত্রী। আমরা বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে রাস্তা ব্যবহারে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন ওসি আমিনুল ইসলাম, তার স্ত্রী আফরোজা খাতুন ও একই মহল্লার সাহিদা খাতুন। রাস্তাটি সবার হলেও ওসি আমিনুল ইসলাম জায়গাটি নিজের দাবি করে পাকা পিলারের সাথে লোহার গেট নির্মাণ করেছেন। সে আমাদের সীমানায় ইটের পাকা প্রাচীর নির্মাণ করে বাঁধা সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে তার সাথে কয়েক দফায় আলোচনা হলেও কোনো লাভ হয়নি। সমাধান না হওয়ায় ওসি আমিনুল ইসলাম পুলিশ দিয়ে হয়রানি করতে শুরু করেন। আমাদের বাড়িতে বেশ কয়েকদিন পুলিশও এসেছে। রাস্তাটিতে প্রায় ৩০ বছর ধরে চলাচল করে স্থানীয় জনসাধারণ ও পার্শ্ববর্তী বাড়ির লোকজন। তারা যেন বেআইনিভাবে জোরপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কিন্তু কিছুতেই প্রতিকার মিলছে না। অভিযুক্ত ওসির পরিবার নানাভাবে হয়রানি করছে।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ১৫ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন রেনু খাতুন, নাজনীন নাহার, আখতার হোসেন, জিল্লুর রহমান, আব্দুল মতিন, রিমা, মো. কামরুজ্জামান, শামীমা নাসরিন, মর্জিনা খাতুন, আকবর আলী, আসমা খাতুন, মহিদুল ইসলাম, আকরামুল হক, শায়লা শারমিন ও আব্দুস সবুর।
