ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
বাংলাদেশি দস্তা সার ভারতে পাচার করার অভিযোগে মিনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ জুন তৎকালীন মুজিবনগর থানার এএসআই আবু তাহের গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরীনগর নামক স্থানে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৫৫ কেজি দস্তা সারসহ মিনারুলকে আটক করেন। মিনারুল ওই দস্তা সার ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান। এ ঘটনায় মেহেরপুরের মুজিবনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ১(এ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার জিআর কেস নম্বর ২৬৬/১৫, এসটিসি নম্বর ১৮০/১৫। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন, এতে আসামি দোষী প্রমাণিত হয়। মামলার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে কামরুল হাসান কৌশলী ছিলেন।
