ছবির ক্যাপশন:
হাসাদাহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ইউপি সদস্যসহ
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগরের হাসাদাহে অবৈধভাবে মাটি কেটে, তা বিক্রির অভিযোগে ইটভাটা মালিক ও এক ইউপি সদস্যকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাসাদহের আলম ব্রিকস-এর মালিককে ৫০ হাজার টাকা ও হাসাদাহ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মুনিম লিংকন।
জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ অঞ্চলে এক ইউপি সদস্যসহ কয়েকজন ব্যক্তি এলাকার আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মুনিম লিংকন অভিযান পরিচালনা করেন। এসময় তিনি অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে আলম ব্রিকস-এর মালিককে ৫০ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং একই অপরাধে হাসাদাহ ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এসময় দন্ডপ্রাপ্ত উভয় ব্যক্তিই তাঁদের জরিমানার টাকা নগদ পরিশোধ করেন। দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন পুলিশের একটি টিম।
