ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা নিউ মার্কেটে পুলিশের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের চায়ের দোকানি বিজন কুমার ফেনসিডিলসহ সদর থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। বিজন কুমার চুয়াডাঙ্গা শহরবর্তী দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার শষ্ঠি কর্মকারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসানুর রহমান আহসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী জিন্না সহযোগী ফোর্স নিয়ে মার্কেটর দ্বিতীয় তলায় অবস্থিত বিজনের চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় তারা দোকানে রাখা একটি বাজারের ব্যাগ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ বিজনকে আটক করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক বিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
এদিকে, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের অনেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ ধরনের ঘটনা মার্কেটের সুনাম নষ্টসহ সব ব্যবসায়ীদের ব্যাপক সম্মানহানী করেছে। তাই পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিযুক্ত মাদক কারবারি বিজনের বিরুদ্ধে গুরুতপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিৎ।’
নিউ মার্কেটের মতো জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে মাদক ব্যবসায়ী থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘পুলিশ বাদী হয়ে বিজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া বিজনের সাথে কে বা কারা জড়িত এবং কে কে তার কাছ থেকে ফেনসিডিল সেবন করে সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক তাঁদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।’
