প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অপহরণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ ব্যাপারীপাড়া সড়কে এ মানববন্ধন করে জেলা রিপোর্টাস ইউনিটি। মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি প্রতিবাদ র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজেদের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে শৈলকুপার কাঁচেরকোল থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। নির্যাতন শেষে মারা গেছে ভেবে বুধবার ভোরে তাঁকে ধাওড়া গ্রামে রাস্তার ধারে হাত-পা ও চোঁখ-মুখ বেঁধে ফেলে রেখে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে যদি একজন সাংবাদিকের সঙ্গে এমন বর্বরোচিত ঘটনা ঘটে, তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়?
বক্তারা আরও বলেন, ‘কাঁচেরকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন ডিশ বাবু হিসেবে এলাকায় গড়ে তুলেছে মাদক সিন্ডিকেট। বর্তমানে তাঁর ছত্রছায়ায় উঠতি বয়সী একদল যুবক মাদকাসক্ত হয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েছে। ২০১৫ সালে শৈলকুপা থানা পুলিশের এএসআই মনির হাজরা ও একাধিক পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে তাঁর বাহিনী। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। এছাড়াও ডিশ বাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও চাঁদাবাজির মামলা রয়েছে। সম্প্রতি সে জেল থেকে বের হয়ে আবারও এলাকায় সকল প্রকার অপকর্মের নেতৃত্ব দিয়ে আসছে। অবিলম্বে ডিশ বাবুসহ আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
