ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌর ১ ও ২ নম্বর ওয়ার্ড আ.লীগের নির্বাচনী সভায় টোটন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পৃথক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা স্টেশন মোড়ে নির্বাচনী সভার আয়োজন করে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোনাউল্লাহ। একই দিন সন্ধ্যা সাতটায় আলমডাঙ্গা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হাজি মোড়ে অপর একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রতীক। আপনারা আগামী ১৪ ফেব্রুয়ারির পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নে যাত্রা অব্যহত রাখবেন। ইতোমধ্যে এই উপজেলার ৩৩টি রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। বৈশ্বিক মহামারির কারণে উন্নয়ন কাজ কিছুটা পিছিয়ে গিয়েছিল। তবে পুনরায় আবার শুরু হয়েছে। পানির লাইনের কাজ টেন্ডার হয়ে গেছে, ড্রেনের কাজ চলছে। আগামীতে একটা নতুন মেগা প্রকল্পে ঢুকবে আলমডাঙ্গা পৌরসভায়। সেটা বাস্তবায়ন হলে আলমডাঙ্গা মডেল পৌরসভা হিসেবে আখ্যা পাবে। আমি যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বলছি নৌকাকে বিজয়ী না করে আমরা ঘরে ফিরব না।’ তিনি আরও বলেন, যারা সরকারি টিন চুরি করে বাড়ির পুকুরে লুকিয়ে রাখে, জনগণের সম্পদ লুট করে কোটি টাকার মালিক হয়েছেন, তাঁদের জনগণ প্রত্যাখান করবে।
১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, নির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি হামিদুল ইসলাম, কাজী রবিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন।
জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক শাহাবুল হক, উপজেলা আহ্বায়ক রেজাউল হক, ওলিউল্লাহ, অ্যাড. মখলেছ উদ্দিন, মুছা হক, মাজেদ ভুঁইয়া, প্রধান শিক্ষক ফজলুল হক, যুবলীগ নেতা কাজী চন্দন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, আব্দুল মজিদ, সোনা উল্লাহ, মজিবুল হক প্রমুখ।
