ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় পূর্ব শক্রতার জের ধরে ইমন (১৩) নামের এক স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার দুপুরে শহরের চাঁদমারী মাঠের (ভি জে স্কুলের মাঠ) পাশে একটি ঘরে এ ঘটনা ঘটে। আহত ইমন পৌর এলাকার পলাশপাড়ার মাহফুজের ছেলে ও আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহত ইমন জানায়, গতকাল দুপুরে চাঁদমারী মাঠে বসেছিল সে। এসময় বহিমু, আনিস, নোমান, আনিকসহ কয়েকজন তাকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এসময় লাঠিসোঁটা নিয়ে তাকে বেধড়ক মারধর করে। চিৎকার করলে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এদিকে, এ ঘটনায় আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
