ছবির ক্যাপশন:
হরিণাকুণ্ডুতে জাল ভোট প্রদানের অভিযোগ : দুই কিশোরীকে মুক্তি
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে চটকাবাড়িয়া ভোট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে রাজু আহমেদ নামের যুবলীগের এক নেতাকে ৬ মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান এই আদেশ প্রদান করেন। রাজু আহমেদ ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রুস্তম আলীর ছেলে ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে, হরিণাকুণ্ডু সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় অন্তরা খাতুন ও শাপলা খাতুন নামে দুই কিশোরীকে পুলিশ আটক করে। পরে তাদেরকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শাপলা খাতুন হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও গোলাম বারীর মেয়ে। অন্যদিকে অন্তরা খাতুন চটকাবাড়িয়া গ্রামের হাসেম আলীর মেয়ে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করেন। হরিণাকুণ্ডুু পৌর নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান।
