ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বিট কোয়েন প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পিবিআই। আটককৃতদের গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী পিবিআইয়ের উপ-পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলামের নেতৃত্বে আদালতে আনা হয় তাদের। উদ্ধার করা হয়েছে নগদ দুই লাখ ৬০ হাজার টাকাসহ টাকা রাখার ভোল্ট চেক বইসহ বিভিন্ন যন্ত্রপাতি মোবাইল সেট।
এ বিষয়ে পিবিআই ঝিনাইদহের এসপি মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা ভয়ংকর প্রকৃতির প্রতারক। এরা শিক্ষিত এবং তথ্য প্রযুক্তিতে পারদর্শী। দেশের নামী দামি ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকদের টার্গেট করে থাকে তারা। টার্গেট মোতাবেক প্রতারণার জালে ধরা দেওয়া ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা। পিবিআই এসপি আরও জানান, চলতি জানুয়ারি মাসের ৭ তারিখে ঝিনাইদহ সদর থানায় আনন্দ গ্রুপ ঢাকার জেনারেল ম্যানেজার মাহবুব আলম বাদি হয়ে গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে দেশের ভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেন পিবিআই। টানা দুই দিনের অভিযানে গ্রেপ্তার করা হয় প্রতারক চক্রের ৫ সদস্যকে। এরপর বেরিয়ে আসে ভয়ংকর প্রতারণা সব তথ্য। ভয়ংকর এই প্রতারক চক্রের প্রধানসহ আরো ১০/১২জনকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে। আজ শনিবার গ্রেপ্তার করা ব্যক্তিদের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তদন্তকারী।
