হরিণাকুণ্ডু উপজেলা আ.লীগের আরও তিন নেতা বহিস্কার

আপলোড তারিখঃ 2021-01-27 ইং
হরিণাকুণ্ডু উপজেলা আ.লীগের আরও তিন নেতা বহিস্কার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বিভেদ আর কোন্দল বাড়ছে হরিণাকুণ্ডু আওয়ামী লীগের মধ্যে। এক সপ্তাহ যেতে না যেতেই বহিস্কার হলেন উপজেলা আওয়ামী লীগের আরও তিন নেতা। দলীয় সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেনের বিপক্ষে কাজ করার অভিযোগে শাসকদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬ নেতাকে বহিষ্কার করল জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুর রহমান টানু মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রবিউল ইসলাম পিলু মল্লিক ও হরিণাকুণ্ডু পৌর আওয়ামী লীগের সহসভাপতি মানুনুর রশিদ আজাদ মল্লিককে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন নেতা আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে জেলা আওয়ামী লীগ। এই তিন ব্যক্তি নৌকার বিপক্ষে ভোট করতে ভোটারদের উৎসাহিত করছেন বলে জেলা আওয়ামী লীগ তাদের বহিস্কারের সিদ্ধান্ত নেয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) সাইফুল ইসলাম টিপু মল্লিকের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)