ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
জনপ্রতি ১২ কেজি পেঁয়াজ নিতে হবে। নইলে তেল, চিনি ও ডাল দেওয়া যাবে না। টিসিবির পণ্য বিক্রয়ে ৪ শ ৪০ টাকার প্যাকেজ করা হয়েছে। ওই প্যাকেজে বাধ্যতামুলক ১২ কেজি বিদেশি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল নিতে হবে। গত শুক্রবার বিকেলে ট্রাকে করে কালীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি করতে আসা ঝিনাইদহের মানিক ট্রেডার্স নামের ডিলারের লোকজন এমন ঘোষণা দিয়েছে। তবে কিছু সময় পর এনিয়ে ক্রেতারা বিষয়টি কালীগঞ্জ ইউএনওকে অবহিত করে, বিষয়টি আঁচ করতে পেরেই অল্প কিছু পণ্য বিক্রি করে তারা ট্রাক নিয়ে চলে যায়। এভাবেই টিসিবির ডিলাররা পণ্য বিক্রিতে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে।
ভুক্তভোগীদের মধ্যে ফিরোজ আহম্মেদ নামে এক ক্রেতা জানান, শুক্রবার বিকালে কালীগঞ্জ শহরের বৈশাখী মোড়ে টিসিবির পণ্য বিক্রি করতে আসেন ঝিনাইদহের ডিলার মানিক ট্রেডাস। এসময় তাঁরা প্রতিজন ক্রেতাকে বাধ্যতামুলক ১২ কেজি পিঁয়াজ নিতে হবে বলে জানায়। যদি কেউ পেঁয়াজ না নেয় তাহলে তাদের কাছে তেল, চিনি ও ডাল বিক্রি করবে না বলে ঘোষণা দেয়। এসব কথা শুনে উপস্থিত ক্রেতাদের মধ্যে অনেকেই পণ্য না নিয়েই খালি হাতে ফিরে যায়। কিন্তু কেউ কেউ পণ্য না কিনতে পেয়ে ডিলারের লোকজনের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতি ও জটলা দেখে সেখানে এগিয়ে আসেন গণমাধ্যমের এক কর্মী। তিনি তাৎক্ষণিক ওই বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে জানতে পারেন, জনপ্রতি ৫ কেজি পণ্য বিক্রির নিয়ম রয়েছে।
এবিষয়ে টিসিবির ডিলার ঝিনাইদহের মানিক ট্রেডাসের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম জানান, পেঁয়াজ বিক্রি না হওয়াই গোডাউনে থেকে নষ্ট হচ্ছে। এজন্য আমরা ক্রেতাদের পেঁয়াজ নিতে ৪৪০ টাকার প্যাকেজ করেছি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা জানান, একজন ক্রেতার নিকট ৫ কেজির বেশি টিসিবির পণ্য বিক্রি করা যাবে না। প্রতি ক্রেতাদের ১২ কেজি পেঁয়াজ নিতে হবে এমন কোনো নিয়ম নেই। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
