ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে ট্রেনের ধাক্কায় কমলা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উথলী রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কমলা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের মৃত সাবদুল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বোনের বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য উথলী রেলওয়ে স্টেশন অদূরে ট্রেন লাইনের ওপর দিয়ে হাটতে হাটতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগড়দাড়ি এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কমলা খাতুনের মৃত্যু হয়। শুক্রবার রাতে কমলা খাতুনের ছোট বোনের বড় ছেলের মৃত্যু হয়। মৃত্যু খবর পেয়ে শনিবার ভোরে কমলা খাতুন উথলীতে মরদেহ দেখতে আসেন। পরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় তিনিও মারা গেলেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লোক পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বিধিমালা মেনে মরদেহ হস্তান্তর করা হবে।’
