ছবির ক্যাপশন:
একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক খোদা বকশ শাহের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে বরেণ্য বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত খোদা বকশ শাহের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খোদা বকশ শাহের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাউল গানের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বাংলা একাডেমির সহকারী পরিচালক ড. সাইমন জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় শিল্পী আব্দুল লতিফ শাহ ও রেখা বিশ্বাস এবং তাঁর ভক্তরা গান পরিবেশন করেন। সন্ধ্যায় প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুদিনের এই উৎসবকে ঘিরে খোদা বকশ শাহের সমাধি চত্বরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউলদের সমাগম ঘটেছে, বসেছে গ্রামীণ মেলা। আজ শুক্রবার দুদিনের এই উৎসব শেষ হবে। খোদা বকশ শাহ স্মৃতি সংসদ ও তাঁর অগণিত ভক্ত অনুরাগীরা প্রতিবছরই তাঁর জন্ম ও মৃত্যুদিন পালন করে আসছে। তিনি জীবদ্দশায় ৯৫০টি গান রচনা করেন।
বাংলা একাডেমির সহকারী পরিচালক ড. সাইমন জাকারিয়া বলেন, ‘খোদা বকশ শাহের অবদান যেভাবে জাগ্রত রাখার দরকার, তা আমরা পারিনি। তাঁর ভক্তরা সাধুসঙ্গে এসেছেন। বাল্যসেবা, পূণ্যসেবা ও তাঁর গান পরিবেশিত হবে। তিনি এক হাজারের মতো গান লিখেছেন। লালনের শিষ্যদের মধ্যে খোদা বকশ শাহের মতো এত গান আর কেউ লিখতে পারেনি। তিনি একুশে পদক ও বাংলা একাডেমির ফেলোশিপ পেয়েছিলেন। তাঁর গানগুলো গ্রন্থ আকারে প্রকাশ করা হবে। খোদা বকশ শাহের গানের চর্চা হচ্ছে। তাঁকে আরও পুরস্কৃত করা দরকার।’
