ছবির ক্যাপশন:
গাংনীর চরগোয়াল গ্রামে বোমা হামলা মামলায় রায়
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে বোমা হামলা মামলায় হালিম মালিথা ও জাকির হোসেন নামের দুই ব্যক্তিকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক কেরামত আলী এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত হালিম মালিথা চরগোয়াল গ্রামের জসিম আলীর ছেলে এবং জাকির হোসেন একই গ্রামের সামিউলের ছেলে। জাকির মালিথা পলাতক থাকায় আটকের দিন থেকে তাঁর সাজা শুরু হবে।
মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১১ সালের ২৩ আগস্ট চরগোয়াল গ্রামের জিয়ামত আলীর ছেলে নিয়ামত আলীর নেতৃত্বে বোমা হামলা চালায়। ওই বোমা হামলায় আব্দুল গনি ও তাঁর ছেলে ইলিয়াস আহত হন। ওই ঘটনায় ইলিয়াসের চাচা রাহাতুল বাদী হয়ে গাংনী থানায় ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদান ৩ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৫, জি আর কেস নম্বর ৪৬৯/১২, এসটিসি নম্বর ৯১/১২। মামলায় মোট ১২ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে হালিম ও জাকির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে ৮ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। জাকির আটকের দিন থেকে তাঁর সাজা শুরু হবে। মামলার অপর আসামি নিয়ামত আলী আগেই মৃত্যুবরণ করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি মিনা পাল এবং আসামি পক্ষে কামরুল হাসান কৌশলী ছিলেন।
